![]() |
| চাঁদাবাজের দল কবিতার প্রতীকী ছবি |
চাঁদাবাজের দল
জামিল ইসলাম
দেশটা আজ মগের মুল্লুক
হয়ে গেছে ভাই,
কোথায় যাবো কোথায় যাবো
শান্তি কোথাও নাই।
নাই নাই নাই উপায় যে নাই
নাই যে করার কিছু,
চাঁদাবাজের দলে মোদের
ছাড়ে না রে পিছু।
দিন-দুপুরে পথে ঘাটে
তাদের শুধু দেখি,
এই দেশেতে দেখার মতো
আর কিছু নাই বাকি।
চাঁদার লাগি তারা মোদের
পিছু পিছু আসে,
না দিলে ভাই চাঁদা ওদের
ঘাড়ে চেপে বসে।
আমজনতার পেটে ওরা
নিত্য মারে লাথি,
আমার দেশের রাজা ওদের
সুখের দুখের সাথী।
যেথায় যাই চোরের দলে
আসে পিছু পিছু,
রাজাও চায় তাদের কাছে
চাঁদা কিছু কিছু।
চাঁদার লাগি করে ওরা
নিত্য অনশন,
ওদের ভয়ে চুপসে গেছে
দেশের জনগণ।
জনতা আজ ভুলে গেছে
করতে প্রতিবাদ,
সব কিছু আজ সয়ে গেছে
ভেঙে গেছে বাঁধ।
পথে ছুটে আসে না আর
আমজনতার ঢল,
চাঁদাবাজের দলে এখন
বৈধ চোরের দল।
দেশটা আমার নাশ করিলো
চোর ডাকাতের দল,
তাদের সাথে লুটছেও তাই
চাঁদাবাজের দল।
দুদিন ঘরে থাকলে পড়ে
আমার কোনো ভাই,
তার ঘরেতে ও এসে তারা
বলে চাঁদা চাই।
চাঁদা যেনো চোরের দলের
ন্যায্য অধিকার,
এই দেশেতে চাই না মোরা
চোরের তাবেদার।
রাজাও আজ চোরের দলে
লিখিয়েছে নাম,
চাঁদাবাজের থেকে সে পায়
কোটি টাকা দাম।
রাজা রে কর জয়ধ্বনি
বল রে হরিবোল,
দেশটা আমার লুট করিলো
রাজার চোরের দল।
তোদের গলা চেপে ধরে
খাচ্ছে তারা লুটে,
এমনি করেই খাবে তারা
জিতিয়ে দিলে ভোটে।
বোকার দেশে নীতি কথা
বিলাসীতা যেনো,
এই দেশেতে ভালো মানুষ
থাকবে রে ভাই কেনো?
আমার সোনার দেশবাসীরে
কারে কি আর বলি?
চাঁদাবাজে সব দিয়ে দে আজ
ঘরটি করে খালি।
দুদিন পরে দেখবি তোর
ঘরে কিছু নাই,
গলা ছেড়ে তখন তোরা
কাঁদিস না কেউ ভাই।
কোন সে হাঁদা গাঁধার গাঁধা
তোর কাছে চায় চাঁদা?
কর্ম তাকে শেখায় নি কি
ওদের বাপে দাদা?
হাত থাকিতে পা থাকিতে
কর্মে যদি ডর,
চাঁদাবাজি ছেড়ে তবে
ভিক্ষার পথ ধর।
চাইলে চাঁদা দিবি তারে
গণ অভিশাপ,
চাঁদাবাজের দলগুলো সব
বিষে ভরা সাপ।
এই সাপেতে দংশিলো রে
আমার সাধের দেশ,
চাঁদাবাজের দলে আমার
দেশ করিলো শেষ।
শুনেছিলাম সাপের মাথায়
থাকে মুক্তো মণি,
আমার সোনার দেশটা পেলো
চাঁদাবাজের খনি।
চোর ডাকাতের দোসর তারা
মহাপাপীর দল,
হে প্রভু তুমি করো আমার
দেশ জাতির মঙ্গল।
কোনো দেশে নাহয় যেনো
এমন সোনার চোর,
চোরগুলো সব দেশের মানুষ
করেছে মারধর।
দেশটা আমার কে লুটিলো
কে লুটিলো বল?
দেশটা আমার লুটিলো ওই
চাঁদাবাজের দল।
কে লুটিলো কে লুটিলো
বল রে তোরা বল?
দেশটা আমার লুটিলো ওই
চাঁদাবাজের দল।
রচনাকাল: ১০ আষাঢ় ১৪৩২।
আরো পড়ুনঃ
চাঁদাবাজের দল কবিতার ব্যবহার বিধিমালাঃ
চাঁদাবাজের দল কবিতাটি জামিল ইসলামের একটি মৌলিক রচনা। এই কবিতাটি চাইলে আপনারা আপনাদের যেকোনো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। তবে আপনারা এই কবিতাটি সম্পূর্ণ প্রকাশ করতে পারবেন না। আপনারা যেকোনো প্ল্যাটফর্মে এই কবিতার প্রথম চৌদ্দ স্তবক পোস্ট করতে পারবেন। তবে আপনারা এই কবিতাটি অন্য কোথাও পোস্ট করলে অবশ্যই লেখক জামিল ইসলামের অফিশিয়াল ওয়েবসাইট ziodop.com থেকে এই কবিতার লিঙ্ক দিতে হবে অথবা সোর্স হিসেবে ziodop.com এর নাম উল্লেখ করতে হবে। আর অবশ্যই লেখক জামিল ইসলামের নাম উল্লেখ করতে হবে এবং কবিতার শেষে উল্লেখ করতে হবে যে, "এই কবিতাটি সংক্ষেপিত"। তবে লেখকের অনুমতি ছাড়া এই কবিতার যেকোনো বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ। যদি কোনো ব্যাক্তি এর কোনো রকম ব্যতিক্রম করে, তাহলে তার বিরুদ্ধে যাবতীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

