![]() |
| ziodop.com |
নীল দরিয়ার গান
জামিল ইসলাম
ও রে নীল দরিয়া, দরিয়া রে, তোর গহীন ঐ বুকে,
কত কথা আর লুকাবো বল, আমি মনের দুঃখে?
তোর ঢেউয়ের মাঝে বাজে রে সুর, বাজে সুখের গান,
ঐ গানেতে আমার যে আর ভরে না মনপ্রাণ।
তুই শান্ত দুপুর, ঝড়ের রাত, অপরাহ্নের বেলা,
বাজনা বাজে তোর বুকেতে, ঢেউ করে রে খেলা।
তোর বুকেতে রবি ঢালে, ঢালে সোনার রোদ,
দুঃখ উজাড় করে তুই আর নিবি কত শোধ?
অতল তলে আঁধার রে তুই, উপরে তুই জ্যোতি,
দুঃখ বুকের উজাড় করে, করিস পরের ক্ষতি।
তোর বুকেতে হারায় কত তেপান্তরের পথিক,
দিক হারিয়ে ঘুরেফিরে, ছুটে দিগ্বিদিক।
বুকেতে তোর ভাসে রে নাও, ভেসে চলে জীবন,
জলে কি তোর লুকিয়ে আছে রঙিন সুখের মরণ?
ভালোবাসার প্রতীক রে তুই, তুই অথৈ জলের ক্রোধ,
চিরন্তন ধারায় বয়ে যা তুই, কে করবে তোরে রোধ?
নীল আকাশ খেলে তোরি সাথে, ঢেলে চাঁদের আলো,
তোর বুকেতেই নেমে আসে দিগন্তের কালো।
জলের মাঝে কবিতা তুই, ঢেউয়ের কলতান,
তুই মুক্ত, তুই স্বাধীন, তুই রুদ্ধ হৃদয়ের প্রাণ।
তোর তরঙ্গেরও ফেনা মাঝে লুকায়,কতো আগুন-ঝড়,
তুই বাঁচাস জীবন,মারিস জীবন, ভাঙেগড়ে ঘর।
কত হারায় সাগর-নদী, কত পাহাড় - গিরি;
তোর বুকেতে ডাক না আমায়, করিস কেনো দেরি?
নীল দরিয়া দরিয়া রে, তোর রূপের নেই শেষ,
সুখ দুঃখের গল্প বলে তুই কেনো নিরুদ্দেশ?
তুই ধ্বংস, তুই সৃষ্টি, তুই চির বিস্ময়,
তোর কাছেতে হার মেনে যায় দাম্ভিকের বিজয়।
রচনাকাল: ১১ মাঘ ১৪৩১।
আরো পডুনঃ
নীল দরিয়ার গান ব্যবহার বিধিমালাঃ
নীল দরিয়ার গান কবিতাটি জামিল ইসলামের একটি মৌলিক রচনা। এই কবিতাটি চাইলে আপনারা আপনাদের যেকোনো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন। তবে আপনারা এই কবিতাটি সম্পূর্ণ প্রকাশ করতে পারবেন না। আপনারা যেকোনো প্ল্যাটফর্মে এই কবিতার প্রথম তিন স্তবক পোস্ট করতে পারবেন। তবে আপনারা এই কবিতাটি অন্য কোথাও পোস্ট করলে অবশ্যই লেখক জামিল ইসলামের অফিশিয়াল ওয়েবসাইট ziodop.com থেকে এই কবিতার লিঙ্ক দিতে হবে অথবা সোর্স হিসেবে ziodop.com এর নাম উল্লেখ করতে হবে। আর অবশ্যই লেখক জামিল ইসলামের নাম উল্লেখ করতে হবে এবং কবিতার শেষে উল্লেখ করতে হবে যে, "এই কবিতাটি সংক্ষেপিত"। তবে লেখকের অনুমতি ছাড়া এই কবিতার যেকোনো বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ। যদি কোনো ব্যাক্তি এর কোনো রকম ব্যতিক্রম করে, তাহলে তার বিরুদ্ধে যাবতীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

